Sylhet Today 24 PRINT

গরমে হাঁসফাঁস জনজীবন

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০২৩

টানা কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ জেলায় মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বিরাজ করছে। এসব এলাকায় এখন গরমে হাঁসফাঁস অবস্থা।

গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও ঢাকাসহ দেশের ৪৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার (১০ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌলভীবাজার জেলাসহ ঢাকা বিভাগের ১৩টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি ও চট্টগ্রাম বিভাগের ১১টি জেলাসহ মোট ৪৯টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ফরিদপুরে ৩৮.৫, রাজশাহীতে ৩৮.১, যশোর ও ঈশ্বরদীতে ৩৮.০, ঢাকায় ৩৭.৭, বান্দরবান ও মোংলায় ৩৭.৬, ফেনী, চাঁদপুর ও রাঙ্গামাটিতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.