Sylhet Today 24 PRINT

দেশজুড়ে তাপপ্রবাহ, অতিষ্ঠ জনজীবন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০২৩

বৈশাখের প্রথম দিনে কাঠফাটা রোদ আর দাবদাহে অতিষ্ঠ জনজীবন। প্রায় এক সপ্তাহ ধরেই দেশের অধিকাংশ জেলায় ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে। গতকাল সেটি ৪১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। এসব এলাকায় গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। দিনের ছাতিফাটা গরমের পর ওইসব এলাকায় রাতেও নেই স্বস্তি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের ৮টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ ও বাকি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জনিয়ে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ ছাড়া ময়মনসিংহ ও মৌলভিবাজার জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাবহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১.০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মোংলায় ৪০ দশমিক ৮, রাজশাহী ও ঈশ্বরদীতে ৪০ দশমিক ৫, যশোরে ৪০ দশমিক ৪, ফরিদপুরে ৪০ দশমিক ৩, কুমারখালীতে ৪০ দশমিক ০, খুলনায় ৩৯ দশমিক ৮, সাতক্ষীরায় ৩৯ দশমিক ৭, ঢাকায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা যখন ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকে তাকে বলে মাঝারি তাপপ্রবাহ এবং তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে তাকে বলে তীব্র তাপপ্রবাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.