Sylhet Today 24 PRINT

তাপপ্রবাহ কমার আভাস, সিলেটে বৃষ্টির পূর্বাভাস

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০২৩

সারাদেশে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। এরমধ্যে তাপমাত্রা কমার সুখবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সিলেট অঞ্চলে দিয়েছে বৃষ্টির পূর্বাভাস।

আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিপ্তর।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে চুয়াডাঙ্গায়। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে ঢাকার তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দু-একদিনের মধ্যে দেশের কিছু কিছু স্থানে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট অঞ্চল) স্বল্প পরিসরে ঝড়-বৃষ্টি হতে পারে। তবে আরও বড় পরিসরে ঝড়-বৃষ্টি শুরু হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও জানান, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.