Sylhet Today 24 PRINT

‘ভাত বেচে ছেলেদের দোকান করে দিছিলাম, কিছুই থাকল না’

সিলেটটুডে ডেস্ক: |  ১৫ এপ্রিল, ২০২৩

‘ভাত বেচে ছেলেদের দোকান করে দিছিলাম। আমাদের আর কিছুই থাকল না। ছেলদের সান্ত্বনা দেবো কীভাবে?’ চোখ মুছতে মুছতে আহাজারি করে বলছিলেন নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় সুলতান ফ্যাশনের মালিকের মা আমেনা বেগম।

শনিবার ভোরে আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন রাজধানীর নিউ সুপার মার্কেটে। এসে দেখেন সব পুড়ে যাচ্ছে। আগুনে দোকানের মালামাল হারিয়ে এখন দিশেহারা আমেনা বেগম ও তার সন্তানরা।

আমেনা বলেন, ‘গতকাল দোকানে ২ লাখ টাকার নতুন মাল তুলেছি। আজ আগুনে শ্যাষ হয়ে গেলো।’

তিনি বলেন, ‘মানুষের কাছে ভাত বেচে টাকা জমিয়ে ছেলেদের এই দোকান করে দিছিলাম, কিছুই থাকল না। আমার এতিম ছেলেদের নিয়ে এখন কোথায় যামু। ছোট ছোট দুইটা নাতিকে কিভাবে বড় করুম। এখন কীভাবে ঘর ভাড়া দিমু।’

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ৩০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ধোঁয়ায় ১৯ জন অসুস্থ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তা একজন, ফায়ারফাইটার ১৩ জন, ভলান্টিয়ার দুইজন, আনসার সদস্য দুইজন ও বিমান বাহিনীর একজন সার্জেন্ট। - খবর সমকালের

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.