Sylhet Today 24 PRINT

অনুদান দিতে উৎসাহিত করতে একই ছবি বারবার ব্যবহার: বিতর্ক প্রসঙ্গে বিদ্যানন্দ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০২৩

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি পোস্ট করে রোববার তীব্র সমালোচনার মুখে পড়েছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ। ফেসবুক ব্যবহারকারীরা বলছে, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার জন্য পোস্ট দুটি করেছিল বিদ্যানন্দ।

একটি পোস্টে পোশাক থেকে তৈরি অলঙ্কারের কোলাজ ছবি আপলোড করে দাবি করে, অলঙ্কারগুলো রাজধানীর বঙ্গবাজার অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পোশাক কিনে তা দিয়ে বানানো হয়েছে।

আরেকটি পোস্টে বিদ্যানন্দ একটি গরুর ছবি আপলোড করে একে অনুদান হিসেবে পাওয়া বলে দাবি করে। যদিও একই গরুর ছবি আগের একটি পোস্টে ভিন্ন একটি অনুদানের বলে উল্লেখ করেছিল সংগঠনটি।

ছবি একই হলেও ক্যাপশন ছিল ভিন্ন।

অলঙ্কারের প্রথম পোস্টটিতে পারভিন শিরিন নামের একজন উদ্যোক্তা পরে ফেসবুকে কিছু স্ক্রিনশট পোস্ট করেন, যাতে দেখা যায় যে বিদ্যানন্দ তার পণ্যের ছবি পোস্ট করেছে।

পারভিন তার পোস্টে লেখেন, 'আমি আমার এই পণ্যের ছবিগুলো ৯ মার্চ অর্থাৎ বঙ্গবাজারের দুর্ঘটনার অনেক আগেই উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট—উই গ্রুপে পোষ্ট করেছি। আর বিদ্যানন্দ আজকে ১৫ এপ্রিল পোস্ট করেছে।'

বিদ্যানন্দ পরে তাদের ফেসবুক পেজ থেকে ছবির কোলাজ মুছে ফেলে এবং তাদের 'ভুল'-এর জন্য ক্ষমা চেয়ে একটি পোস্ট করে।

ওই পোস্টে বিদ্যানন্দ লিখেছে, 'আমাদের প্রজেক্ট টিম বঙ্গবাজারের পোড়া কাপড় থেকে অলঙ্কার বানানোর জন্য ইন্টারনেট থেকে বেশ কিছু স্যাম্পল ছবি ডাউনলোড করে। স্যাম্পল ছবি দেখে বানানো প্রোডাক্টগুলোর ছবি সোশ্যাল মিডিয়া টিমকে পাঠানোর সময় ভুলবশত ইন্টারনেটের রেফারেন্সিয়াল ছবিগুলোও পাঠিয়ে দেয়।

'সোশ্যাল মিডিয়া টিম যথাযথ ভেরিফিকেশন ও অনুমোদন ছাড়া ছয়টি ছবির একটি কোলাজ তৈরি করে, যেখানে দুটি ছবি বিদ্যানন্দের হলেও বাকি চারটি ছবিই ইন্টারনেটের রেফারেন্সিয়াল ছবি।'

বিদ্যানন্দের স্বেচ্ছাসেবক ফারুক খান এ প্রসঙ্গে বলেন, তারা ভুলবশত ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি তাদের ফেসবুক পেজে পোস্ট করেছেন এবং পরে সেটি তাদের নজরে এলে পোস্টটি সরিয়ে ফেলা হয়।

'আমাদের ফেসবুক পেজে একটি ব্যাখ্যাসহ একটি পোস্ট দেওয়া হয়েছে,' বলেন তিনি।

ফারুক আরও বলেন, এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

গরুর একই ছবি ব্যবহারের বিষয়ে ফারুক বলেন, মানুষ যাতে অনুরূপ অনুদান দিতে উৎসাহিত হয়, সেজন্য বিদ্যানন্দ একটি গরুর একই ছবি বিভিন্ন পোস্টে ব্যবহার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.