Sylhet Today 24 PRINT

সিলেটসহ দেশের ২০ জেলায় ঝড়ের পূর্বাভাস

সিলেটটুডে ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০২৩

সিলেটসহ দেশের ২০ জেলায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জানিয়ে ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

রোববার (২৩ এপ্রিল) সকাল পৌনে ছয়টা থেকে বেলা একটা পর্যন্ত এ সতর্কসংকেত বহাল থাকবে বলে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ -৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও পটুয়াখালীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

গতকাল শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস মোংলা ও যশোরে এবং সর্বনিম্ন ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ডিমলায়। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.