সিলেটটুডে ডেস্ক | ২৪ এপ্রিল, ২০২৩
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে।
সোমবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের উসমানী সাইড ডি ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইতোমধ্যে ৩০টির বেশি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই রোকনুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস কাজ করছে। আগুনের তীব্রতা বেশি। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। অনেক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস টেকনাফ স্টেশনের অধিনায়ক মুকুল কুমার নাথ বলেন, রোহিঙ্গা শিবিরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত উখিয়া টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।
টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফালুন হক চৌধুরী বলেন, চাকমারকুল রোহিঙ্গা আশ্রয়শিবিরে একটি এনজিওর নারী কেন্দ্রে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
এরআগে ১৮ এপ্রিল রাতে লেদার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুনে ৩৯টি ঘর পুড়ে গেছে। তারও আগে ৫ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘরসহ ২ হাজার ৮০৫টি নানা স্থাপনা এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন।