Sylhet Today 24 PRINT

রাষ্ট্র নিয়েই যারা হতাশ রাষ্ট্রপতি নিয়ে তাদের হতাশা স্বাভাবিক: তথ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০২৩

যারা রাষ্ট্র নিয়েই হতাশার কথা বলেন, তারা রাষ্ট্রপতিকে নিয়ে হতাশা প্রকাশ করবেন– সেটি অস্বাভাবিক কিছু নয়। নতুন রাষ্ট্রপতিকে নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে একথা বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে মতবিনিময়কালে সাংবাদিকরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘নতুন রাষ্ট্রপতির কাছে কোনো প্রত্যাশা নেই’ বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি তো রাষ্ট্র নিয়েই হতাশ। ফলে তারা যে রাষ্ট্রপতিকে নিয়েও হতাশা ব্যক্ত করেছে, তা অস্বাভাবিক নয়। মির্জা ফখরুল রাষ্ট্র নিয়েই হতাশ না হলে কি বলতে পারেন, ‘পাকিস্তানই ভালো ছিল?’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিদায়ী রাষ্ট্রপতি যেমন ভালো মানুষ ছিলেন, বর্তমান রাষ্ট্রপতিও ভালো মানুষ। দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন রাষ্ট্রপতি বিচক্ষণ, প্রাজ্ঞ, বুদ্ধিমান। সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও অভিভাবক হিসেবে তিনি অতীতের মতোই অত্যন্ত সুচারুভাবে দায়িত্ব পালন করবেন।’

সম্প্রতি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএজিএস) বাংলাদেশে ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার স্বীকৃতি দিয়েছে। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ধাপ। মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। রুয়ান্ডাসহ যেসব দেশে গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সেসব জায়গায় এত মানুষ মারা যায়নি। সরকার এই স্বীকৃতি পাওয়া নিয়ে প্রচেষ্টা চালাচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পুনর্মুদ্রিত ‘পাকিস্তান সরকার কর্তৃক ৫ আগস্ট ১৯৭১ সালে প্রকাশিত পূর্ব পাকিস্তানের সংকট সম্পর্কে শ্বেতপত্র’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, পরিচালক মোহাম্মদ আলী সরকার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.