Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কালনী এক্সপ্রেসে কাটা পড়ে নারীর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল ৮ টা ২০ মিনিটে উপজেলার গোপালনগর রেলক্রসিং এলাকার ৩০২ কিলোমিটার সংলগ্ন থেকে মৃতদেহটি উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, শনিবার সকাল সাড়ে ৮ টা ২০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বর্ণা দেব (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা নারীর কাটা লাশ দেখে কমলগঞ্জ থানাকে অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাস ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনে কাটা পড়ে নিহত স্বর্ণা দেব কমলগঞ্জ পৌর এলাকার গোপালনগর গ্রামের মৃত সীতেশ দেব এর মেয়ে। কুলাউড়া উপজেলার ভাটেরা গ্রামে তার বিয়ে হয়েছিল। তার তিন বছরের এক ছেলে রয়েছে। সে গোপালনগর গ্রামে পিতার বাড়িতে বেড়াতে এসেছিল। তবে নিহত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.