Sylhet Today 24 PRINT

আবার বেঁকে গেল ব্রাহ্মণবাড়িয়ার সেই রেল লাইন, ঢাকামুখী ট্রেন বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছিল। রেললাইন মেরামত শেষে ৩০ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইনটিকে ট্রেন চলাচলের উপযোগী করা হয়। কিন্তু ২৪ ঘণ্টা পরে ফের একই ঘটনা ঘটেছে। তবে এবার লাইনের সমস্যাটি আগেভাগেই ধরা পড়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর দাড়িয়াপুরে রেললাইন বেঁকে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার রফিকুল ইসলাম।

সতর্কতার অংশ হিসেবে চট্টগ্রাম ও সিলেট থেকে ওই লাইনে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম রুটে এখন দুটি রেললাইন থাকার কারণে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

তবে কোনো ট্রেন আটকা পড়ে আছে কি-না, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি স্টেশন মাস্টার রফিকুল ইসলাম। তবে একটি লাইন বন্ধ থাকলে ট্রেনে সময় বিপর্যয় একটি সাধারণ ঘটনা।

এর আগে, ২৭ এপ্রিল দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন ৬০১ ঢাকা যাওয়ার পথে শহরতলীর দারিয়াপুর নামক জায়গায় লাইনচ্যুত হয়। অত্যধিক গরমে রেলের লাইন বেকে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় রেল লাইনের ক্ষতি হওয়াসহ প্রায় ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে যায়। তবে ডাউনলাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল।

সেদিনই স্টেশন ম্যানেজার জানিয়েছিলেন, গরমের কারণে লাইন বেঁকে যাওয়াই ছিল এই দুর্ঘটনার কারণ। দুর্ঘটনার পরের দিন শুক্রবার লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.