Sylhet Today 24 PRINT

সমালোচনার মুখে ‘শিববাড়ি মোড়ের’ নাম পরিবর্তনের সিদ্ধান্ত বদল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২৩

ছবি: সংগৃহীত

খুলনা মহানগরের দুটি মোড়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। তবে শেষ পর্যন্ত সেটা হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে সে উদ্যোগ থেকে সরে এসেছে কেসিসি।

সিটি করপোরেশন নগরের ‘শিববাড়ি মোড়ের’ নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ এবং বর্তমান ‘বঙ্গবন্ধু চত্বরের’ নাম পরিবর্তন করে ‘শহীদ শেখ আবু নাসের চত্বর’ নামকরণের এজেন্ডা নিয়ে রোববার (৩০ এপ্রিল) কেসিসির সাধারণ সভায় বসার নোটিস দিয়েছিল। তবে সমালোচনার মুখে শনিবার বিকেলে নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেসিসি।

এ বিষয়ে শনিবার বিকেলে কেসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, ‘রোববার সাধারণ সভায় নাম পরিবর্তনসহ বেশ কয়েকটি এজেন্ডা রাখা হয়েছে। তবে নাম পরিবর্তনের বিষয়ে অনেকের আপত্তির কথা জানা গেছে। ওই দুটি এলাকার নাম পরিবর্তন করা হচ্ছে না, যা আছে তাই থাকবে।’

কেসিসি সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টায় নগর ভবনে কেসিসির ১৯ তম সাধারণ সভা আহবান করা হয়েছে। যা বর্তমান মেয়র ও কাউন্সিলরদের শেষ সাধারণ সভা। এ সভার আলোচ্যসূচির ৫ নম্বরে রয়েছে ‘নগরীর শিববাড়ি মোড়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর এবং বর্তমান বঙ্গবন্ধু চত্বরের (শেরে বাংলা রোড ও কেডিএ এভিনিউয়ের সংযোগস্থল) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর নামে নামকরণ প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ’।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এই সভার নোটিস দিয়েছেন।

এদিকে শুক্রবার রাতে সভার নোটিশটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। অনেকে কেসিসির এমন উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন।

উল্লেখ্য, পৌনে চারশ বছর ধরে জায়গাটির নাম শিববাড়ি মোড়। বিগত জোট সরকারের সময়ে নাম পরিবর্তন করে ‘বাবরি চত্বর’ করতে চেয়েছিল, কিন্তু ব্যাপক প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.