Sylhet Today 24 PRINT

নেত্রকোণায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০২৩

ধানের শুকানো খড় বৃষ্টিতে ভিজে যাওয়ার সময় তুলতে গিয়ে বজ্রপাতে মোঃ মোস্তফা (৫০) নামের এক কৃষক মারা গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হাট-বারেঙ্গা গ্রামের মধ্যপাড়া এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার পূর্বধলা উপজেলার হাট-বারেঙ্গা গ্রামের মধ্যপাড়া এলাকায় মৃত আহম্মদ হোসেনের ছেলে মো. মোস্তফা ধান কাটার পর গো খাদ্য হিসেবে খড় বাড়ির বাহিরে শুকাতে দেন। সন্ধ্যায় ঝড় বৃষ্টি শুরু হলে শুকানো খড় ঘরে তুলতে গিয়ে বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বজ্রপাতে এক জন কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বজ্রপাতে মৃত ব্যক্তির লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.