স্পোর্টস ডেস্ক | ৩০ এপ্রিল, ২০২৩
এএফসি অনূর্ধ্ব-১৬ ওমেন্স এশিয়ান কাপের গেল দুই আসরেই চূড়ান্তপর্বে খেলেছে বাংলাদেশ। ২০১৬ সালে এই আসরের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়াটা ছিল দেশের নারী ফুটবলের টার্নিং পয়েন্ট। এবার আরেকটি বাছাই উতরানোর চ্যালেঞ্জ রুমা আক্তারদের সামনে।
আজ রোববার সিঙ্গাপুরে তারা মুখোমুখি হবে স্বাগতিকদের। এই ম্যাচ জিততে না পারলে বাছাইয়ের প্রথমপর্ব থেকেই বিদায় নিতে হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। তিন দলের ডি গ্রুপের সেরা হওয়ার দৌড়ে আছে বাংলাদেশ ও সিঙ্গাপুর।
দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছ তুর্কমেনিস্তানকে। বাংলাদেশ জিতেছিল ৬-০ গোলে। আর সিঙ্গাপুরের জয় ৭-০ ব্যবধানে। তাতে বাড়তি সুবিধা নিয়ে আজ সিঙ্গাপুর মাঠে নামবে। এই ম্যাচ ড্র করলেই শ্রেয়তর গোল ব্যবধানে সেরা হবে স্বাগতিকরা। তাছাড়া সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে ৬ হাজার দর্শকও আজ গলা ফাটাবে স্বাগতিকদের পক্ষে।
বাংলাদেশ কোচ ছোটন অবশ্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। শিষ্যদের কাছ থেকে স্বাভাবিক ফুটবলই আশা করছেন অভিজ্ঞ এই কোচ, ‘সিঙ্গাপুর ভালো দল। তাদের একাধিক কুশলী ফুটবলার রয়েছে। আমরা অবশ্য সেদিকে দৃষ্টি দিচ্ছি না। আমরা নিজেদের নিয়েই ভাবতে চাই, মনোযোগ দিচ্ছি নিজেদের স্বাভাবিক খেলাটার দিকে।’
ছোটনের দলে হালকা চোট সমস্যা রয়েছে। দলের অন্যতম ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির গোড়ালিতে সামান্য চোট আছে। সেটা গুরুতর নয় বলে জানিয়েছেন ছোটন। শেষ মুহূর্তে প্রীতিকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ছোটন জানিয়েছেন। ম্যাচের আগে দর্শক আগ্রহের উত্তাপ টের পাচ্ছে বাংলাদেশ দলও।
ছোটন বলেছেন, ‘কমলাপুর স্টেডিয়ামে সবসময় দর্শক পূর্ণ গ্যালারিতে খেলে অভ্যস্ত মেয়েরা। নিকট অতীতে এই মেয়েদের দর্শক পূর্ণ গ্যালারিতে দুটি আসরের বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। মাঠের নৈপুণ্য দিয়ে সমর্থকদের ভালোবাসার প্রতিদানও দিয়েছে মেয়েরা। আশা করছি, এ ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। মাঠ ভর্তি দর্শকদের সামনে ভালো ম্যাচ হবে।’
অধিনায়ক রুমাও কোচের সঙ্গে সুর মিলিয়ে বলছেন জয়ের কথা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।