Sylhet Today 24 PRINT

গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ ৮

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০২৩

রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা বাজারে রাস্তার গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে নারী-শিশুসহ আট জন দগ্ধ হয়েছেন। সোমবার (১ মে) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। দগ্ধদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মুদি দোকানদার আ. রহিম (৫০), তার মেয়ে মীম আক্তার (২১) ও নাতি আলিফ (২)।

দগ্ধরা জানান, তারা ধূপখোলা মাছ বাজারের একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকান। দোকানে বসা ছিলেন আ. রহিম। আর পাশেই ছিলেন তার মেয়ে ও নাতি। দোকানটির সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত করা হচ্ছিল। সকালে হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় শরীরে।

দগ্ধ রহিমের ছেলে মো. আল আমিন জানান, কয়েকদিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে তারা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি। ঝুঁকি নিয়ে কাজ করছিল। সকালে সেখান থেকেই এই বিস্ফোরণ হয়।

দায়িত্বরত চিকিৎসক জানান, রহিমের শরীর গুরুতর দগ্ধ হয়েছে। পরিবারের অন্য ২ জনের দগ্ধের পরিমাণ বেশি নয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, গেন্ডারিয়া ঘটনায় দগ্ধ হয়ে প্রথমে ৩ জন পরে আরও ৫ জন আসেন চিকিৎসা নিতে। এই ঘটনায় মোট ৮ জন দগ্ধ হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.