Sylhet Today 24 PRINT

বাড়ল সয়াবিন তেলের দাম

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০২৩

ভোজ্যতেলের আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার পর বেড়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ৩০ এপ্রিল শেষ হয় ভোজ্যতেলের আমদানিতে সরকারের ভ্যাট অব্যাহতির মেয়াদ।

বৃহস্পতিবার (৪ মে) সকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ দর বৃদ্ধির তথ্য জানানো হয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে এক বৈঠকে আলোচনা করে ভোজ্য তেলের এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে বোতলজাত ১ লিটার সয়াবিনের আনুষ্ঠানিক দাম ১৯০ টাকা। এর আগে গত ১৭ নভেম্বরে বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে সমিতি। তারও আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৭৮ টাকা।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ভোজ্যতেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনাক্রমে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হলো। এই মূল্য অবিলম্বে কার্যকর করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়ে বিক্রি হবে প্রতি লিটার ১৭৬ টাকা। বোতলজাত ১ লিটার ১৯৯ টাকা এবং বোতলজাত ৫ লিটার ৯৬০ টাকা। সেই সঙ্গে পাম সুপার তেলের দাম হবে খোলা প্রতি লিটার ১৩৫ টাকা।

ভোজ্য তেলের এ দর অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.