সিলেটটুডে ডেস্ক | ০৪ মে, ২০২৩
বুশরা আফরিন
ঢাকা শহরের তাপমাত্রা কমাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়েন আরশট রকফেলার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।
এ কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার (সিএইচও) পদে নিয়োগ দেয়া হয়েছে। এর মাধ্যমে ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ দেওয়া হলো।
সিএইচও হিসেবে বুশরা আফরিন প্রচণ্ড গরমের প্রেক্ষাপটে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্বে দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণসহ নতুন নতুন কাজ করবেন।
বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের যৌথ উদ্যোগে ‘বিল্ডিং আরবান হিট রেজিলিয়েন্স’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মেয়র আতিক ঢাকা শহরের তাপমাত্রা কমাতে আগামী দুই বছরে দুই লক্ষ গাছ লাগানোর ঘোষণা দেন।
সেমিনারে বুশরা আফরিন বলেন, আমরা শহরের প্রচণ্ড তাপ থেকে মানুষ ও সম্প্রদায়কে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন শহরের নেতাদের এবং বিশেষজ্ঞদের একটি বৈশ্বিক সংগঠনে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত।
তিনি বলেন, ঢাকার একজন স্থানীয় বাসিন্দা হিসেবে আমি জানি তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় জরুরি পদক্ষেপের বিকল্প নেই। ঢাকা শহরে তাপমাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে বিশেষ করে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, বস্তিবাসী, অভিবাসী এবং নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসির সঙ্গে আরশট-রক ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে। ঢাকা উত্তর সিটির জন্য একজন চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যিনি আর্শট-রকের সহযোগিতায় শহরের তাপমাত্রা কমাতে নানা কর্মসূচি গ্রহণ করবেন।
ডিএনসিসি মেয়র আরও বলেন, ঢাকা শহরের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। দাবদাহের ফলে শহরের মানুষের জীবন ও জীবিকা আজ হুমকিতে। মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা কমে যাওয়ায় আর্থিক ক্ষতি হচ্ছে। আমি আশা করছি, ডিএনসিসি এবং আরশট রকের যৌথ উদ্যোগ তামমাত্রা কমানোর মাধ্যমে একটি নিরাপদ ও শীতল ঢাকা গড়তে সক্ষম হবে।
উল্লেখ্য, বুশরা আফরিন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ ও ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন। তিনি ঘানার বলগাটাঙ্গায় একটি নারী উন্নয়ন প্রকল্পেও কাজ করেন। পরে বাংলাদেশের অন্যতম বৃহৎ এনজিও ‘শক্তি ফাউন্ডেশন’র ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে যোগ দেন বুশরা। এ ছাড়া তিনি বাংলাদেশের প্রাণি অধিকার সংস্থা অভয়ারণ্যের পলিসি কনসালটেন্ট হিসেবে ডিএনসিসির সঙ্গে কাজ করেছেন।
তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে।