Sylhet Today 24 PRINT

ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার দোহার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মে, ২০২৩

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ (শুক্রবার) সকালে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দোহারে।

স্থানীয়রা জানান, দোহারের যে অংশটিতে ভূমিকম্পের উৎপত্তিস্থল সেখানে প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন তারা। ঘরের তক্তার উপর থাকা হাড়ি পাতিল পড়ে যায়। অনেকে আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।

তবে ঝুঁকিপূর্ণ কোনো ভবনে ফাটল ধরেছে কি না সেই তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। ঢাকার সন্নিকটে দোহারে উৎপত্তিস্থল হওয়ায় রাজধানীবাসী তীব্র মাত্রার কম্পন অনুভব করেছে।

এদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার প্রাথমিকভাবে জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। পরে তা কমিয়ে ৪ দশমিক ৩ বলে জানায়। আর ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এদিকে কম্পন অনুভূত হওয়ার পর রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকার বাসিন্দাদের ভবন ছেড়ে সড়কে নেমে আসতে দেখা যায়। অবশ্য এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানান, ঢাকার এত কাছে এই মাত্রার ভূমিকম্প হওয়ার ইতিহাস খুবই কম। রাজধানীর কাছে এত সক্রিয় ভূ-চ্যুতি থাকার বিষয়টিতেও উদ্বেগ জানিয়েছেন ভূতত্ত্ববিদরা।

আবহাওয়া অফিস বলছে, এর আগে চলতি বছরের ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ৩.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক সৈয়দ হুমায়ূন আখতার জানান, ২০০৮ থেকে ২০১০ সালের দিকে ঢাকার কাছাকাছি কুমিল্লা অঞ্চলে ৪.২ থেকে ৪.৫ মাত্রার কয়েকটি ভূমিকম্পের রেকর্ড রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.