Sylhet Today 24 PRINT

প্রার্থিতা ফিরে পেতে জাহাঙ্গীরের করা রিট সরাসরি খারিজ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০২৩

ঋণ খেলাপির দায়ে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। এরপরেই মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন সাবেক এই মেয়র। তবে, জাহাঙ্গীরের সেই রিট খারিজ করে দিয়েছেন হাই কোর্ট।

সোমবার (৮ মে) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। যদিও রিট খারিজের পর আপিলের সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীর আলম।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও এম কে রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, মো. আসাদুজ্জামান মনির, ওয়ায়েস আল হারুনী, নওরোজ মো. রাসেল চৌধুরী প্রমুখ।

এদিকে, আদালতের আদেশের পর জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তিনি হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন।

গত ৪ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা জাহাঙ্গীর আলমের আপিল নামঞ্জুর হয়। গতকাল ৭ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.