Sylhet Today 24 PRINT

স্ত্রীকে পার্কে ডেকে নিয়ে হত্যা করে ফেসবুকে স্বামীর স্ট্যাটাস

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০২৩

ঝালকাঠিতে স্ত্রীকে পার্কে ডেকে নিয়ে হত্যার পর ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্বামী।

সোমবার সকাল ১১টার দিকে ঝালকাঠি ইকো পার্কে এ ঘটনা ঘটে।

স্ত্রী সায়মা পারভীন তানহাকে (২০) হত্যার পর আলী ইমাম খান অনু নামে ওই যুবক নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে হত্যার কথা লেখেন। তারপর নিজেই পুলিশকে জানান তিনি।

ফেসবুক পোস্টে আলী ইমাম লেখেন, 'আমার বউ পরকীয়ার আসক্ত হয়েছে তাই তাকে নিজ হাতে খুন করেছি। এর জন্য আমি ছাড়া কেউ দায়ী নয়।'

নিহত সায়মা পারভীন তানহা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তিনি শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে।

পুলিশ জানায়, ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকার দলিল লেখক দিদার হোসেন নান্নার ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অনু ২০২১ সালে গোপনে বিয়ে করেন প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে। সম্প্রতি সায়মা ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন- এমন অভিযোগ করে আলী ইমাম ফেসবুকে স্ট্যাটাস দেন।

সোমবার (১৫ মে) সকাল ১১টার দিকে স্ত্রীকে ফোনে ইকো পার্কে ডেকে আনেন আলী ইমাম। এরপর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী ইমাম ছুরি দিয়ে পেটে ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই সায়মার মৃত্যু হয়।

সায়মার মৃত্যুর পরে অনু তার ফেসবুকে বেলা ১২টার দিকে স্ত্রীকে হত্যার ঘটনা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ছুরি উদ্ধার করেছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, 'ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অনুকে আটক করা হয়েছে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.