Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০২৩

মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র বলে কয়ে কিছু করে না, তাই এ বিষয়ে আগ থেকে কিছু বলা যায় না।

সোমবার (২২ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাতার সফর বিষয়ে সংবাদ সম্মেলনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি একটি গণমাধ্যমে পররাষ্ট্র মন্ত্রীকে জড়িয়ে একটি তথ্য প্রকাশ করা হয়। এ বিষয়ে তিনি বলেন, একটি দৈনিক পত্রিকার এক প্রতিবেদনে যে তথ্য দিয়েছে সেটা মিথ্যা তথ্য। সেখানে বলেছে আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন আমি সারাজীবন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানে কাজ করেছি।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না জানি না। তারা তো বলে কয়ে কিছু করে না। গতকাল কৃষিমন্ত্রীও বলেছেন দেশে সেংশনের কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে। যুক্তরাষ্ট্রতো হাজার হাজার সেংশন দিচ্ছে। আমি আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি এসেছিলেন তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। সে ক্ষেত্রে আপনারা যে তথ্য দিলেন এ বিষয় আমাদের জানা নেই।

মার্কিন দূতাবাস নাগরিকদের দেশে চলাচলে ভ্রমণ সতর্কতা দিয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। দেশে আজ থেকে সাত-আট মাস পর নির্বাচন হবে। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এ সতর্কতা দিয়েছে। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না। এখানকার মানুষ মার্কিন নাগরিকদের ওপর ক্ষেপবে কেন? আমি জানি না তারা কেন এটা করেছে।

তিনি আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এত ভালো হয়েছে পুলিশ কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অপরাধী ধরে নিয়ে আসে। তারা খুব ভালো কাজ করছে। আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ যুক্তরাষ্ট্রে গেলে সতর্ক করা উচিত সেখানে শপিং মলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.