Sylhet Today 24 PRINT

এমডির বিরুদ্ধে অভিযোগ দিয়ে পদ হারালেন ওয়াসার চেয়ারম্যান

সিলেটটুডে ডেস্ক: |  ২২ মে, ২০২৩

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পর পদ হারালেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা।

রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে ঢাকা ওয়াসা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব আকবর হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৭ এর ৭(১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য সুজিত কুমার বালা, ২৪/২, বুয়েট টিচার্স কোয়ার্টার, বুয়েট ঢাকা-১০০০-কে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৯(১) ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্ববর্তী চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গোলাম মোস্তফা বর্তমানে কানাডার টরেন্টোতে রয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় তিনি বলেন, 'গত অক্টোবরে আমার চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়। কিন্তু নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছিলাম। ওই মেয়াদ শেষে বিদায় দিলে আমার কোনো কিছু বলার থাকত না।'

তিনি আরও বলেন, 'যখন তাকসিমের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বলা শুরু করলাম, তখনই আমাকে সরিয়ে দেওয়া হলো। এতে আরও স্পষ্ট হয়, তাকসিম যেভাবে ওয়াসা চালাতে চান সেভাবেই চালাবেন। বোর্ডকে কিছু করতে দেবেন না।'

এর আগে গত ১৭ মে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন গোলাম মোস্তফা। চার পৃষ্ঠার ওই অভিযোগপত্রে তাকসিম এ খানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি। এর চারদিনের মাথায় ওয়াসার চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.