Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন এরদোয়ান

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বুধবার (৩১ মে) রাতে প্রথমবারের মতো ফোনে কথা হয় দুই নেতার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাত ১১টা ১৫ মিনিটে ফোন করেন এরদোয়ান। পরে দুই নেতা ১০ মিনিট ধরে আলাপ করেন।

ফোনালাপে দ্বিতীয় মেয়াদে রানঅফ ইলেকশনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার বিশ্বাস ছিল নির্বাচনে তুরস্কের জনগণ তাদের নেতা হিসেবে সঠিক মানুষটিকেই বেছে নেবে। রানঅফ নির্বাচনের পর দেখা গেছে, তার ধারণাই সত্যি ছিল।

প্রধানমন্ত্রী গত ফেব্রুয়ারিতে তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের কথা স্মরণ করেন। তিনি বলেন, যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশিরা অবিচল থাকবে।

প্রেসিডেন্ট এরদোয়ানও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বিজয়ে বাংলাদেশের ভাতৃপ্রতিম মানুষ তুরস্কের উচ্ছ্বসিত জনতার সঙ্গে মানসিকভাবে একাত্ম ছিল বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে একসঙ্গে কাজ করার কথা বলেন এরদোয়ান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের প্রতি শুভ কামনা জানান। এরদোয়ানের মাধ্যমে তুরস্ক আরও শান্তি, উন্নতি ও অগ্রগতির দিকে চালিত হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.