Sylhet Today 24 PRINT

চিত্রনায়ক ফারুকের আসনে ভোট ১৭ জুলাই

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০২৩

ঢাকা-১৭ আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যুতে আসনটি শূন্য হয়ে যায়।

জাহাংগীর আলম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।

ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে বলেও জানান জাহাংগীর আলম।

দীর্ঘদিন রক্তে সংক্রমণজনিত রোগে ভুগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে  ১৫ মে মৃত্যুবরণ করেন ফারুক। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

সংসদের কোনো আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে  ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা ছিলো।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে  ২০১৯ সালের  ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন  ২০২৪  সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন তিনি ছয় মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.