Sylhet Today 24 PRINT

মন্ত্রীসভায় বাজেট অনুমোদন

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০২৩

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এখন বাজেট প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবার অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘উন্নয়নের দেড় দশক: স্মার্ট বাংলাদেশের অভিমুখে।’

এবারের বাজেটে আয়ের প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ টাকা। বিশাল এই ঘাটতি মেটাতে আগামী বাজেটে সরকার বৈদেশিক ঋণ নেবে ১ লাখ ২ হাজার ৪৯০ কোটি টাকা। যা ২০২২-২৩ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা।

অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে সরকার বৈদেশিক ঋণ বাড়াচ্ছে ৭ হাজার কোটি টাকা।

বাজেটের ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ ছাড়াও সরকার দেশের ব্যাংক খাত থেকে ঋণ নেবে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকার। চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। এর আগের অর্থবছরে (২০২১-২২) যা ছিল ৭৫ হাজার ৫৩৩ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল বড় এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.