সিলেটটুডে ডেস্ক | ০৭ জানুয়ারী, ২০১৬
‘নৌকায় ভোট দেওয়ায়’ সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িলুট ও হামলা করা হয়েছে এমন অভিযোগ এনে ‘সচেতন নড়াইলবাসী’র পক্ষে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তাদের গলায় ‘শেখ হাসিনার নির্দেশে নৌকায় ভোট দেওয়া কি অপরাধ?’ ‘মুক্তির সন্ত্রাসীদের বিচার চাই’ সম্বলিত প্ল্যাকার্ড ঝুলতে দেখা যায়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, কালিয়া পৌরসভা নির্বাচন-২০১৫কে কেন্দ্র করে নড়াইল -১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী সংখ্যালঘু ভোটার ও কালিয়া আওয়ামী লীগ নেতাকর্মীর উপর নির্মম হামলা চালায়। স্বতন্ত্র প্রার্থীকে জয়ী করার জন্য তিনি সব রকমের পন্থা বেছে নিয়েও তিনি ক্ষান্ত হন নি। নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দেওয়া তার সন্ত্রাসী বাহিনী সংখ্যা লঘু সম্প্রদায়ের বাড়ি লুট ও ভাংচুর চালায়। আওয়ামী লীগের পক্ষে কাজ করায় গণজাগরণ মঞ্চের এক সংগঠককেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে গণজাগরণ মঞ্চের সংগঠক এফ এম শাহীন বলেন, কালিয়া উপজেলার সংখ্যালঘু সম্প্রদায় প্রতিনিয়ত মার খাচ্ছে। কবিরুল মুক্তির সন্ত্রাসী বাহিনীর নির্যাতনে এখন পর্যন্ত ১০০ পরিবার কালিয়া ছাড়তে বাধ্য হয়েছে। আওয়ামী লীগের ব্যানারে যদি একই দলের নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতিত হয়, তাহলে তারা কোথায় যাবে? আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাজল দেবনাথ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ। এছাড়া কালিয়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ প্রতিবাদী ওই মানববন্ধনে অংশ নেন।