Sylhet Today 24 PRINT

শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২৩

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার মুমুর (৪১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর আমতলী এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লন্ডনে আইন বিষয়ে পড়ালেখা করতেন অর্পিতা। ২০২০ সালের জানুয়ারিতে মা ফাতেমা কবিরের মৃত্যুর পর তিনি দেশে আসেন। এরপর দেশেই ছিলেন। বৃহস্পতিবার তার লন্ডনে ফেরার কথা ছিল। এর আগে বুধবার রাতে তিনি বাসার বাথরুমের জানালার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। মৃত্যুর আগে লিখে যাওয়া একটি চিরকুটে (সুইসাইড নোট) তিনি আত্মহত্যার বিষয়টি উল্লেখ করেছেন।

মেয়ের মৃত্যুতে শোকে বিহ্বল লেখক-কলামিস্ট শাহরিয়ার কবির গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেননি। তবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বলেন, বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অর্পিতার মরদেহ তার মায়ের কবরে দাফন করা হয়েছে। রোববার (আগামীকাল) তার কুলখানি অনুষ্ঠিত হবে।

বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা মনে হলেও পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.