সিলেটটুডে ডেস্ক | ১৩ জুন, ২০২৩
ফাইল ছবি
সুইজারল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪-১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অলে’ যোগ দিতে সকালে দেশটির উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় ফ্লাইটটি জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার, ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি ১৪ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানস্থলে সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনসে সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। এদিন বিকালে প্রধানমন্ত্রীর প্যালাইস ডি নেশনসে ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’-এর প্লেনারিতে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে আইএলওর এডিজি ও আঞ্চলিক পরিচালক তাকে অভ্যর্থনা জানাবেন। গেট থেকে সভাস্থল পর্যন্ত লাল গালিচা বিছানো হবে এবং গার্ড অব অনার প্রদান করা হবে।
শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেলার সঙ্গেও বৈঠক করবেন। পরে তিনি আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী সন্ধ্যায় আইএলওর সদর দপ্তরে উচ্চপর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের জন্য ডিজি কর্তৃক আয়োজিত একটি নৈশভোজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
১৫ জুন প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) অফিসে ডব্লিউইএফর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে একটি বৈঠকের পর ‘এ টক অ্যাট দ্য ডব্লিউইএফ’-এ তার যোগ দেওয়ার কথা রয়েছে।
আরও কিছু অনুষ্ঠানে যোগদান শেষে শেখ হাসিনা ১৬ জুন বেলা ১১টায় (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। ১৭ জুন তার ঢাকায় ফেরার কথা। সূত্র : বাসস