Sylhet Today 24 PRINT

এনআইডি স্বরাষ্ট্রে স্থানান্তরে ইসির কোনো বক্তব্য নেই: ইসি সচিব

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২৩

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ স্বরাষ্ট্রে স্থানান্তরের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, ‘রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যতক্ষণ ছিল, ততক্ষণ নির্বাচন কমিশন পালন করবে।’

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীর্ঘদিন ধরে আলোচনার পর গত সোমবার ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন–২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফলে জাতীয় পরিচয় নিবন্ধন করার ক্ষমতা হারাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন আইনটি জাতীয় সংসদে পাস হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন নিবন্ধকের অফিস নামে একটি সংস্থা। সেক্ষেত্রে ইসি কেবল ১৮ বছরের বেশি বয়সীদের ভোটার তালিকা করবে।

গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক হয়।

সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের দায়িত্বের কথা উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘যার ভেতরে জাতীয় পরিচয়পত্র প্রদান ছিল না। আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে বলা আছে রাষ্ট্র কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করবেন। তারই ধারাবাহিকতায় ২০০৮ সালে ছবি সমৃদ্ধ ভোটার তালিকা হয়েছে। তার উপজাত হিসেবে প্রায় ৮ কোটি তিন লাখ ভোটারের তথ্য সমৃদ্ধ ভোটার তালিকা থেকে আইন করে সেখান থেকে এনআইডি দেয়া শুরু হয়। তার দায়িত্ব দেয়া হয় নির্বাচন কমিশনকে।’

সরকার আইন করে নির্বাচন কমিশনকে এনআইডি দেয়ার দায়িত্ব দিয়েছিল জানিয়ে সরকারের এই আমলা বলেন, ‘রাষ্ট্র আবার সেই আইন সংশোধন করে অন্য কাউকে দায়িত্ব দিচ্ছে। এতে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য নেই। রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব যতক্ষণ ছিল, ততক্ষণ নির্বাচন কমিশন পালন করবে। রাষ্ট্র যখন এই দায়িত্বটা অন্য কাউকে সম্পাদন করতে বলবে, তখন অন্যরা সম্পাদন করবে। এখানে নির্বাচন কমিশনের পক্ষে বা বিপক্ষে কিছু নাই। নির্বাচন কমিশন সরকারি সিদ্ধান্ত অবশ্য মেনে চলছে, চলবে।’

জাতীয় পরিচয় নিবন্ধন আইন–২০২৩’ এখনো কমিশন দেখেনি জানিয়ে তিনি বলেন, গতকালকে এনআইডি’র যে আইন ছিল, এটাকে সংশোধন করে জাতীয় পরিচয়পত্র আইন-২০২৩ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এটা পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জাতীয় সংসদে যাবে। জাতীয় সংসদের এটি বিল হিসেবে উত্থাপিত হবে। এরপর সেটি সংসদীয় কমিটিতে চলে যাবে। সংসদীয় কমিটি রিপোর্ট দেবে। রিপোর্ট দেয়ার পর পুনরায় সংসদে ওঠবে। সংসদে আইন আকারে পাশ হবে। তারপর আমরা বলতে পারব, কী হয়েছে।’

এখন দুই ধরনের আইন হয় উল্লেখ করে জাহাংগীর আলম বলেন, ‘একটাতে বলা থাকে অনতিবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হওয়ার পর গেজেট প্রজ্ঞাপন থেকেই কার্যকর হয়। কিছু কিছু আইন থাকে যেখানে বলা হয়, এই আইন গেজেট প্রজ্ঞাপনে তারিখ থেকে বলবৎ হবে। সেক্ষেত্রে কী আছে আইনে সেটা যেহেতু আমরা জানি না, কীভাবে বাস্তবায়ন হবে, তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বলতে পারবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.