Sylhet Today 24 PRINT

কোরবানির ঈদের ছুটি চার দিন করার সুপারিশ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০২৩

কোরবানির ঈদের সরকারি ছুটি একদিন বাড়িয়ে চারদিন করার সুপারিশ করা হয়েছে। ঈদযাত্রায় সড়কে যানবাহনের চাপ ও ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই সুপারিশ করেছে।

মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মঙ্গলবার এ তথ্য জানান।

ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে দেশে সরকারি ছুটি থাকে তিন দিন। আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে নিয়ে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত।

সচিবালয়ে মঙ্গলবার মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রী মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘ঈদের ছুটি ২৮ জুন থেকে শুরু না করে ২৭ জুন থেকে শুরুর সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি। এই সুপারিশ অনুমোদন পেলে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত কোরবানির ঈদের ছুটি থাকবে।

‘ছুটি একদিন বাড়িয়ে দিলে ঈদে সড়ক-মহাসড়কে যাত্র্রী ও যানবাহনের চাপ কমবে। কমিটি ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

কোরবানির পশুর হাট কোনোভাবেই যেন রাস্তায় বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য কমিটির সভায় কড়া নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.