Sylhet Today 24 PRINT

বিমান ফ্লাইটে যাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০২৩

ছবি: পিআইডি

সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের সকল যাত্রীর সঙ্গে কুশল বিনিময় করেছেন।

শুক্রবার রাতে জেনেভা থেকে দেশে ফিরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা যে ফ্লাইটে দেশে ফেরেন, তা ছিল বিমান বাংলাদেশের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। বহু সাধারণ যাত্রী ছিলেন; যারা সুইজারল্যান্ড থেকে বাংলাদেশ গমন করছিলেন। হঠাৎ যাত্রীরা প্রত্যক্ষ করলেন তাদের ফ্লাইটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তিনি নিজেই হেঁটে-হেঁটে যাত্রীদের আসনের দিকে এগোতে থাকেন। একে-একে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। হাসিমুখে তাদের সঙ্গে আলাপ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটে তাদের (যাত্রী) আসনের পাশে প্রধানমন্ত্রীকে পেয়ে অনেকেই বিস্মিত ও অবাক হয়েছেন।’

শেখ হাসিনার মমতা দেখে অভিভূত যাত্রীরা স্মৃতি ধারণ করে রাখতে চেষ্টা করেন। অনেকে অনুরোধ করেন তার সঙ্গে ছবি তোলার জন্য। তাদের সেই অনুরোধে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেক যাত্রী তখন শেখ হাসিনার সঙ্গে ছবি তোলেন।

বড়রা ছাড়াও ফ্লাইটে অনেক শিশু ছিল। তাদের মাঝে স্নেহের পরশ ছড়িয়ে দেন শেখ হাসিনা। বুকে টেনে নিয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের সঙ্গে মজার-মজার গল্প করেন।

এ সময় কয়েকজন যাত্রী গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের অপ্রত্যাশিত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের মতামত তুলে ধরেন।

১৩ জুন চার দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডে যান প্রধানমন্ত্রী। ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’ সম্মেলন শেষে শনিবার দেশে ফেরেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.