Sylhet Today 24 PRINT

ঈদের তারিখ নির্ধারণ করতে সন্ধ্যায় বৈঠক

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুন, ২০২৩

বাংলাদেশে ঈদ-উল আজহার তারিখ নির্ধারণ করতে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে ইসলামিক ফাউন্ডেশন।

সোমবার (১৯ জুন) সন্ধ্যা সোয়া সাতটায় (বাগ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া চাঁদ দেখার তথ্য নিম্নে উল্লেখিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরেও জানানো যাবে। টেলিফোন নম্বরগুলো হলো—০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এদিকে পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি হওয়ার কথা ছিল ২৮ থেকে ৩০ জুন (চাঁদ দেখার ওপর ঈদ নির্ভরশীল, তাই ছুটির তারিখও পরিবর্তনশীল)। এখন ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু। চাঁদ দেখা সাপেক্ষে, যদি ২৯ জুন পবিত্র ঈদুল আজহা হয়, তাহলে ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি পাঁচ দিন হবে।

এদিকে, সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে আগামী ২৮ জুন পবিত্র ঈদ-উল আজহা উদযাপিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.