Sylhet Today 24 PRINT

সড়কে সাত কলেজ শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০২৩

সাত দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টার দিকে দাবি-দাওয়া সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে ওই মোড়ে সড়কে অবস্থান নেন তারা। এতে সড়ক বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে যানজট।

আন্দোলনের সমন্বয়ক তছলিম চৌধুরী বলেন, আমাদের বারবার আশ্বাস দেয়া হচ্ছে। কিন্তু দাবি মানা হচ্ছে। সভা ডাকা হচ্ছে আবার বাতিল করা হচ্ছে। আমরা অবিলম্বে আমাদের দাবির বাস্তবায়ন চাই।

আন্দোলনকারীদের শিক্ষার্থীদের সাত দাবি হলো-ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করা এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা। যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে যে তারা নন-প্রমোটেড; মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে তাদের পরবর্তী বর্ষের পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া।

বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এ সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেয়া হয়েছে তার ব্যাখ্যা দেয়া এবং সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা। সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা? শিক্ষার্থীরা কোথায় তাদের সমস্যা উপস্থাপন করবে, তা ঠিক করে দেয়া।

একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া। সব বিষয়ে পাস করার পরেও একজন শিক্ষার্থী সিজিপিএ শর্তের জন্য নন প্রমোটেড হচ্ছেন। তাই সিজিপিএ শর্ত শিথিল করা।

দাবি আদায় না হলে অবরোধ ও লাগাতার কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.