Sylhet Today 24 PRINT

একাধিকবার গোপন কক্ষে যাওয়ায় নারীর জেল

সিলেটটুডে ডেস্ক  |  ২১ জুন, ২০২৩

ঢাকা থেকে সিসিটিভি ক্যামেরায় দেখে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে একাধিকবার গোপন ভোটকক্ষে যাওয়ার অপরাধে এক নারীকে তিনদিনের জেল দেওয়া হয়েছে।

বুধবার (২১ জুন) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক শরিফুল আলম এই তথ্য নিশ্চিত করে জানান, সাবিয়া নামে ওই নারী একাধিকবার নারী ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করছিলেন। পরে কমিশনাররা সিসিটিভির মাধ্যমে দেখে প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের জেল দেন।

রাজশাহী ও সিলেটের সিটি করপোরেশনের নির্বাচনে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকার আগারগাঁওয়ে বসে ভোট পর্যবেক্ষণ করছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অস্থায়ী কন্ট্রোল রুমে সকাল ৬টা থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দুই সিটি নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

ভোট শুরুর সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। দুই সিটিতে ৮ লাখের বেশি নাগরিক ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করে তাদের নগরপিতা নির্ধারণ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.