সিলেটটুডে ডেস্ক | ২৩ জুন, ২০২৩
ছবি : ফোকাস বাংলা
আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারে থাকলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ উন্নয়নশীল মর্যাদা পেয়েছে।
তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে জনগণ ভোট দিয়েছিল, আমরা সরকার গঠন করেছি। ২০১৪ সালের নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনে। ২০১৮ সালের নির্বাচনে জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে।
প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে বাংলাদেশ আজকে মর্যাদা পেয়েছে। যেখানে একটি দুর্ভিক্ষপীড়িত দেশ হিসেবে করুণার চোখে দেখত, আজকে বাংলাদেশের জনগণ প্রবাসে যে-ই যাক, সেখানে সম্মানের চোখে দেখে। এই সম্মান এনে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, আজকে তা প্রমাণিত সত্য।
টানা তিন মেয়াদের সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, ২০০৯ থেকে ২০২৩ আজকের বাংলাদেশ—বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪১ ভাগ, তা নেমে এসেছে ১৮ ভাগে। অতিদরিদ্র ২৫ ভাগের ওপরে ছিল, তা ৫ ভাগে নেমে এসেছে। সাক্ষরতার হার বেড়েছে, মাতৃমৃত্যুর হার কমেছে, শিশুমৃত্যু হার কমেছে, মানুষের আয়ুষ্কাল বেড়েছে, বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়নে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
শেখ হাসিনা আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা দিয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, শিক্ষার আলো জ্বেলেছে সব ঘরে। স্বাস্থ্যসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, তৃণমূল পর্যায় পর্যন্ত। আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছি, সমগ্র বাংলাদেশে গ্রাম পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড কানেকশন দিয়েছি। কৃষি, বিজ্ঞান, স্বাস্থ্য—সব ক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে।’
নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘আসুন, আমরা প্রতিজ্ঞা করি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলব।’ এ সময় আওয়ামী লীগের প্রধান দলের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতা অর্জন করেছে, বিজয় অর্জন করেছে মুক্তিযুদ্ধে।’
শেখ হাসিনা বলেন, ‘৭৫-এ জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতাবিরোধী চক্র, ঘাতকের দল অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় এসেছিল, তারা স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করেছিল। পুনরায় আওয়ামী লীগ যখন সরকারে এসেছে, তখনই এ দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন এসেছে।’
এরআগে প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় দলের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষনেতাদের নিয়ে দলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।