সিলেটটুডে ডেস্ক | ০৮ জানুয়ারী, ২০১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল পৌর শিশুপার্কের উদ্বোধন করেছেন । এর আগে তিনি শুক্রবার বেলা সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া এসে পৌঁছান।
এরপর প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাত করেন।
দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ পোড়ানোর দায়ে খালেদার বিচার হওয়া উচিত। মানুষ পুড়িয়ে তিনি সরকার উৎখাত করবেন বলে চেয়েছিলেন। কিন্তু পারলেন না। জ্বালাও পোড়াও করেছে বলেই পৌর নির্বাচনে বাংলার মানুষ বিএনপিকে ভোট দেয়নি।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান কর্নেল তাহেরকে সরিয়ে দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে। সে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে। তারপর যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ১২৩ ভাগ বাড়ানো হয়েছে।তিনি উন্নয়নের জন্য সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান।