Sylhet Today 24 PRINT

বিমানবন্দরে আটক প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০২৩

প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেম। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেম।

বুধবার মধ্যরাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। অর্থপাচারের এক মামলায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক ঘণ্টার পর তিনি গ্রেপ্তার হন।

সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সিআইডির কাছে আবুল কাশেমকে বুঝিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এরপর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে শুনানির জন্য ২৫ জুন তারিখ রাখেন বিচারক।

সেইসঙ্গে আবুল কাশেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অর্থপাচারের মামলায় বুধবার ই-কমার্স কোম্পানি আলেশা মার্টের চেয়ারম্যানসহ চারজনের বিদেশযাত্রায় আদালত নিষেধাজ্ঞা দেয়। তাদের একজন আবুল কাশেম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি তিনি।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া বাকি তিনজন হলেন আলেশা মার্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আলম, তার স্ত্রী সাদিয়া চৌধুরী এবং আলেশা মার্টকে মোটরসাইকেল সরবরাহকারী প্রতিষ্ঠান এস কে ট্রেডার্সের মালিক মো. আল মামুন।

আবুল কাশেম গ্রেপ্তার হলেও অন্যরা পলাতক রয়েছেন।

এ মামলার একটি অভিযোগে বলা হয়েছে, প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের পরিচালকের পদ পাওয়ার জন্য এবং শেয়ার বাজারে বিনিয়োগের উদ্দেশ্যে হাজারো গ্রাহকের কাছ থেকে নেয়া এক শ কোটি টাকা মঞ্জুর আলম ওই ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমকে দিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.