Sylhet Today 24 PRINT

খালেদা জিয়াকে চীনা দূতাবাসের উপহার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুন, ২০২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহারসামগ্রী পাঠিয়েছে ঢাকার চীনা দূতাবাস। শুক্রবার (২৩ জুন) বিকেলে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চীনা দূতাবাসের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের রাতে জানান, এসএফ কুরিয়ার সার্ভিসের গাড়িতে করে চীনা দূতাবাস কয়েকটি প্যাকেটে উপহারসামগ্রী পাঠিয়েছে গতকাল (শুক্রবার) বিকেলে। সে সময় তাঁরা কেউ ওই কার্যালয়ে উপস্থিত ছিলেন না।

আব্দুস সাত্তার জানিয়েছেন, উপহারসামগ্রীর প্যাকেটের ওপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম লেখা ছিল। প্যাকেটগুলোর ভেতরে ফল, স্ন্যাক্স ও বিস্কুটজাতীয় কিছু রয়েছে। চীনা দূতাবাসের এসব উপহার খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে, কী উপলক্ষে পাঠানো হয়েছে সেটি জানানো হয়নি।

এর আগে ২০২০ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকার চীনা দূতাবাস শুভেচ্ছা জানিয়ে উপহারসামগ্রী পাঠিয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.