Sylhet Today 24 PRINT

বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০২৩

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের আটটি বিভাগেই কম-বেশি দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়া ও টেকনাফে ৩৩ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারে ২৫, সাতক্ষীরা ও ভোলায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

রোববার (২৫ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংস্থাটি জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাদারীপুরে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশের পূর্বাংশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র তা মোটামুটি সক্রিয় আছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র প্রবল অবস্থায় রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.