Sylhet Today 24 PRINT

সরকারি চাকরিতে বয়সে ছাড়ের মেয়াদ শেষ হচ্ছে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০২৩

করোনাভাইরাস মহামারির কারণে সরকারি চাকরিপ্রার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সে ছাড় দেয় সরকার। বিসিএস ছাড়া সরকারি সব চাকরির ক্ষেত্রে এটি প্রযোজ্য ছিল। বয়সে এ ছাড়ের মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন।

সরকারি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২১ মাস ছাড় দিয়ে ২০২১ সালের ২ সেপ্টেম্বর মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর গত বছরের ২২ সেপ্টেম্বর সরকারি সব চাকরির আবেদনে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩৯ মাস ছাড় দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছিল, যেসব মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ছাড়া) সরাসরি নিয়োগের লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দপ্তর/প্রতিষ্ঠানের ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন।

যেসব মন্ত্রণালয় বা অধীন প্রতিষ্ঠান সরাসরি নিয়োগে ২৫ মার্চের আগে নিয়োগের জন্য ছাড়পত্রসহ প্রস্তুতি নিয়েও করোনাভাইরাসের কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ নির্ধারণ করতে বলেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ম মেনে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩০ বছর। এ নিয়মের কারণে যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছর হয়েছিল, তারাও নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.