Sylhet Today 24 PRINT

ঈদগাহ ময়দানে প্রবেশে নেয়া যাবে শুধু জায়নামাজ ও ছাতা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০২৩

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে মুসল্লিদের শুধু জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসার অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেছেন, ঈদগাহে অন্য কোনো লাগেজ বা ব্যাগ না নিয়ে আসার জন্য অনুরোধ করছি।

বুধবার (২৮ জুন) সকাল ১০টায় জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকায় ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ মাঠে। এখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ ৩০-৩৫ হাজার লোক নামাজ পড়বেন। যারা ঈদগাহ আসবেন, তারা শুধুমাত্র জায়নামাজ আর ছাতা সঙ্গে করে নিয়ে আসতে পারেন। অন্য কোনো লাগেজ বা ব্যাগ না নিয়ে আসার জন্য অনুরোধ করছি।

তিনি বলেন, প্রত্যেককে চেকপোস্টে তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করতে দেওয়া হবে। গাড়ি কোথায় থামবে সে বিষয়েও নির্দেশনা রয়েছে। গাড়ি থেকে নেমে অনেকদূর হেঁটে আসতে হবে তাই বৃষ্টির দিনে সবার সঙ্গে ছাতা থাকা বাঞ্ছনীয়। আবহাওয়ায় যদি আরও বড় দুর্যোগ না হয় তাহলে মুসল্লিরা এ অবস্থায় নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন।

জঙ্গি হামলার আশঙ্কা আছে কি না এমন প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি হামলার আশঙ্কা থাকলে সিটিটিসি প্রস্তুত থাকবে। তবে এখন পর্যন্ত জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আমাদের সিটিটিসি, সাইবার ইউনিট কাজ করছে। কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা থাকলে তারা ব্যবস্থা নেবে।

ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের মোবাইল টিম বাসাবাড়ির গার্ডের সঙ্গেও যোগাযোগ রাখছে। কোনো ধরনের সমস্যা দেখলেই তারা যেন আমাদের অবহিত করেন তা জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.