Sylhet Today 24 PRINT

মৌসুমি ব্যবসায়ীদের ঠকালে কাঁচা চামড়া রপ্তানি, হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০২৩

চামড়ার দাম যাতে নির্ধারিত দামের চেয়ে সাধারণ মানুষ কম না পায় সেজন্য সরকারের বিভিন্ন দফতর কাজ করছে। তারপরও ট্যানারি মালিকরা মৌসুমি ব্যবসায়ীদের ঠকালে কাঁচা চামড়া রপ্তানি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২৮ জুন) দুপুরে রংপুরের সাগরপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা বলেন। ঈদ উপলক্ষে চার দিনের সফরে রংপুরে এসেছেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, মৌসুমি ব্যবসায়ীরা লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করলে সিন্ডিকেট হস্তক্ষেপ করতে পারবে না। এজন্য তাদের সজাগ থাকতে হবে।

সবজির দাম বাড়া প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সবজির যে দাম বেড়েছে, তা কমে আসবে। কোরবানির পশু পরিবহনের কারণে সবজির পরিবহনের সমস্যা, যার কারণে দাম বেড়েছে। এই সংকট কেটে যাবে।

এর আগে গত রোববার (২৫ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণের বৈঠক শেষে মন্ত্রী বলেন, এবারও চামড়া মনিটরিং হবে। তারপরও ট্যানারি মালিকরা যদি কোনো কারসাজি করে, তবে ওয়েট ব্লু বা কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হবে।

টিপু মুনশি বলেন, যখনই আমরা রপ্তানির অনুমতি দিই, তখনই দেখা যায়, দামের কিছুটা উন্নতি হয়। এ বছরও আমাদের ঘোষণাটি হল- কারসাজির মাধ্যমে দাম কম দেওয়া বা চামড়া না নেওয়ার চেষ্টা করলে আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমোদন দেব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.