Sylhet Today 24 PRINT

বগুড়ায় নয়ছয় করায় ঢাকায় প্রার্থী হয়েছি: হিরো আলম

সিলেটটুডে ডেস্ক  |  ২৯ জুন, ২০২৩

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়াকে প্রতিবাদের মশাল হিসেবে আখ্যায়িত করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে নিজ এলাকা বগুড়া সদরের এরুলিয়ায় ঈদুল আজহার নামাজ আদায় শেষে এ কথা জানান তিনি। হিরো আলমের সঙ্গে তার বাবা আব্দুর রাজ্জাক ও ছেলে আবির উপস্থিত ছিলেন।

হিরো আলম বলেন, ‘বগুড়ায় দুই আসনের উপনির্বাচনে নয়ছয় করা হয়েছিল। তার প্রতিবাদেই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন করতেছি। বলতে পারেন এটি প্রতিবাদের মশাল। সুষ্ঠু নির্বাচন হলে পাশ করব। এ ব্যাপারে আমি আশাবাদী।’

তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনের নির্বাচনে একমাত্র আমিই স্বতন্ত্র প্রার্থী। আমার মার্কা একতারা। মার্কাটা একটু বেশিই পরিচিত হয়ে গেছে। বগুড়ার দুইটি আসনে একতারা প্রতীকে ভোট করেছিলাম। আমি যেহেতু শিল্পী জগতের লোক, তাই একতারা মার্কা আমার সঙ্গে খুব ম্যাচিং করে।’

ভোটের পরিবেশ কেমন- এমন প্রশ্নে হিরো আলম বলেন, ‘ভোটে কোনো ধরনের হুমকি-ধমকি পাইনি। এই আসনে বেশিরভাগ ভোটার এলিট শ্রেণির। পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে। কোনো সমস্যা হলে অবশ্যই আপনাদের জানাব।’

নির্বাচনী প্রচার আবার কবে শুরু করবেন- চাইলে তিনি বলেন, ‘আজ এবং আগামীকাল বগুড়ায় আছি। পরশু ঢাকায় ফিরে প্রচার শুরু করব। প্রচারে হিরো আলম নামটাই চমক। কারণ, আমি সব সময় মাটি ও মানুষের কথা বলি। হিরো আলমকে সহজেই কাছে পাওয়া যায়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.