সিলেটটুডে ডেস্ক | ৩০ জুন, ২০২৩
ছবি: সংগৃহীত
রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামের একটি লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
দুপুর ১২টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এরআগে শুক্রবার বেলা ১১টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। পরে আরও ইউনিট যুক্ত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি সদরঘাটে সকাল থেকে ভেড়ানো ছিল। লঞ্চের ভেতর কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার সময় লঞ্চটি যাত্রীশূন্য ছিল। এটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।