Sylhet Today 24 PRINT

শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকবেন দুই দিন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০২৩

দুই দিনের সফরে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাবেন।

শনিবার সকালে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে তার সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় পৌঁছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিকেলে কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় যাবেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন। সেখানে তিনি রাত্রিযাপন করবেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

ওইদিন বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। খবর: বাসস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.