সিলেটটুডে ডেস্ক | ০২ জুলাই, ২০২৩
কারও প্রেসক্রিপশনে বাংলাদেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান অনুসরণ করে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে মতো নির্বাচনকালীন সরকার রেখে এ দেশে নির্বাচন হবে।
রোববার (২ জুলাই) সকালে ঈদের ছুটি শেষে অফিস খোলার প্রথম দিনে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিয়ে উন্নয়ন সহযোগীরা কথা বলছেন। আমরাও শুনছি, আমাদের সঙ্গেও কথা বলেছে। কেউ ভালো পরামর্শ দিলে সেটাও শুনব। তবে আমরা কারও নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব—এমনটি মনে করার কোনো কারণ নেই।
তিনি বলেন, মির্জা ফখরুলের কণ্ঠ বিরোধী কণ্ঠ। বাংলাদেশে বিরোধীদলের ব্যর্থতার সীমা নেই। তারা নির্বাচনে যেমন ব্যর্থ, আন্দোলনেও তেমন। ১০ ডিসেম্বর তো দখল করে ফেলেছিল যে ১১ তারিখ থেকে খালেদা জিয়ার হাতে দেশ থাকবে। এমন অনেক লাগামছাড়া কথা তারা অনেকবার বলেছেন। এটিই হলো বাস্তবতা।