Sylhet Today 24 PRINT

আমি বাংলাদেশের বাজপাখি, বললেন মার্তিনেজ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০২৩

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ১১ ঘণ্টার সফরে বাংলাদেশে এসেছেন। সোমবার (৩ জুলাই) সকালে ঢাকায় পৌঁছে উঠেছেন গুলশানের একটি পাঁচতারকা হোটেলে।

ফিফার বর্ষসেরা গোলকিপার মার্তিনেজকে ঢাকায় এনেছে ফান্ডেড নেক্সট নামের আইটিবিষয়ক একটি কোম্পানি। প্রতিষ্ঠানটির চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব ফেসবুকে মার্টিনেজের একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায়, বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এ তারকা বলেন, ‘হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য। আমি বাংলাদেশের বাজপাখি।’

মার্তিনেজের ঢাকা সফরে বড় কোনো আয়োজন নেই। তবে এরই মধ্যে তার সঙ্গে দেখা করেছেন আর্জেন্টিনার ফুটবলের ভক্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তার পরিবার।

মার্তিনেজের আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে তুলেছেন ছবি। নিয়েছেন মার্তিনেজের অটোগ্রাফ। নিজের ভেরিফায়েড পেজে মার্তিনেজের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা নিজের ফেসবুকে সবার সঙ্গে ভাগাভাগি করেছেন মাশরাফি।

ফেসবুকের সেই পোস্টের শেষের দিকে মাশরাফি লিখেছেন, ‘এমি, আপনাকে স্বাগত এই বাংলার মাটিতে। এখানে আপনাদের অগুনতি ভক্ত আছে, যুগ যুগ ধরে। আশা করি, আপনারও ভালো লাগছে এই মাটিতে পা রেখে।’

জানা গেছে, দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্তিনেজের সাক্ষাত করেন। আর বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.