Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে ১৫৯ কোটি টাকা সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০২৩

প্রতীকী ছবি

রোহিঙ্গা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৫৯ কোটি টাকা) দেবে যুক্তরাজ্য।

সোমবার (৩ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার প্রথম কক্সবাজার সফরে যুক্তরাজ্যের এই সহায়তার ঘোষণা দেন।

হাইকমিশনার বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। এ দেশের মানবিক প্রয়োজনে সাড়া দিয়ে ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ডের এই নতুন মানবিক সহায়তা প্যাকেজটি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত।’

সারাহ কুক রোহিঙ্গাদের অব্যাহতভাবে আতিথ্য দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে সরকারকে সমর্থন দিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। সহায়তার এই নতুন প্যাকেজটি সারা দেশের বাংলাদেশি সম্প্রদায়কে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় সাড়া দিতেও সাহায্য করবে।

যুক্তরাজ্যের সহায়তার এই নতুন প্যাকেজটি বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ বাস্তবায়ন করবে। এর আওতায় রোহিঙ্গাদের খাদ্য, পানি ও স্যানিটেশন এবং স্বাগতিক সম্প্রদায়কে শিশু সুরক্ষা সেবা দিবে। বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা এ সহায়তা পাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.