Sylhet Today 24 PRINT

ছাদে হেলিকপ্টার অবতরণের অনুমতি আসছে

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০২৩

প্রতীকী ছবি

চলতি জুলাই মাস থেকেই অনুমতিসাপেক্ষে করপোরেট হেলিপ্যাড, আবাসিক হোটেল ও হাসপাতালের ছাদে হেলিকপ্টার অবতরণ করা যাবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সোমবার (৩ জুলাই) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান।

তিনি জানান, এ বিষয়ে একটি নীতিমালা (প্রজ্ঞাপন) তৈরি করা হয়েছে। দুয়েকদিনের মধ্যে তা সার্কুলার আকারে প্রকাশ করা হবে।

বেবিচক চেয়ারম্যান বলেন, যেসব ভবনে হেলিকপ্টার নামবে সেটি অবশ্যই অবতরণের উপযোগী হতে হবে। এজন্য বুয়েট থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেট ছাড়া হেলিপ্যাড স্থাপনের অনুমতি দেওয়া হবে না। এ ছাড়াও দেশের যে কোনো খোলা জায়গা হেলিপ্যাড হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়া হচ্ছে।

এর আগে ভবনের ছাদে হেলিকপ্টার অবতরণ করা নিষেধ ছিল। এর কারণ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার ঝুঁকি এবং মাদক পাচারের আশঙ্কার কথা উল্লেখ করে। ফলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ করত।

বাংলাদেশে বেসরকারি পর্যায়ে বাণিজ্যিক হেলিকপ্টার সেবা শুরু হয় ১৯৯৯ সালে। বর্তমানে ১০টি বেসরকারি এয়ারলাইন্স ৩২টি হেলিকপ্টার দিয়ে সেবা দিয়ে যাচ্ছে।

রোগী বহন, পোশাকসহ বিভিন্ন শিল্পখাতের বিদেশি ক্রেতাদের কারখানা পরিদর্শন, শৌখিন ভ্রমণসহ নানা কাজে এসব হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.