Sylhet Today 24 PRINT

ফের বেড়েছে কাঁচা মরিচের দাম, কেজি প্রতি ৫০০ টাকায় বিক্রি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০২৩

কাঁচা মরিচের দাম কমার ২ দিন পর আবারো বেড়ে গেছে। বুধবার (৫ জুলাই) ঢাকার পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।

এদিকে, মরিচের দাম হু হু করে বেড়ে যাওয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্রেতা সাধারণের অভিযোগ আমদানিকৃত মরিচ বাজারে এলেও সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে।

আর ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে দেশি মরিচের সরবরাহ কম থাকায় আমদানি দিয়ে দামে লাগাম টানা যাচ্ছে না। সরবরাহ কম হওয়াতে একদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি ১৫০ টাকা বেড়ে গেছে।

বুধবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ বিক্রি করছেন ১৩০ টাকা। আর এক কেজি কিনলে দাম রাখা হচ্ছে ৫০০ থেকে ৫১০ টাকা।

খিলগাঁও এলাকার খুচরা ব্যবসায়ী বোরহান জানান, এখন প্রতি পাল্লা (৫ কেজি) পাইকারিতে বিক্রি হচ্ছে ২০৫০ থেকে ২১০০ টাকায়। অর্থাৎ কেজি পড়ছে ৪৫০ টাকা। এর মাঝে কিছুটা বাদ যাবে, গাড়ি ভাড়া আছে। এরপর যা থাকে সেটা লাভ।

দাম বাড়ার কথা শিকার করেছেন পাইকার ব্যবসায়ীরাও। কারওয়ান বাজারের পাইকারি কাঁচা মরিচ ব্যবসায়ী আবদুল বাসেদ মোল্লা জানান, সরবরাহ কম হওয়ার কারণে পাইকারিতেও কাঁচা মরিচের দাম আবারও বেড়েছে। কাঁচামালের দাম সরবরাহের উপর ওঠানামা করে থাকে।

তবে ব্যবসায়ীদের কথা মানতে নারাজ সাধারণ ক্রেতারা। তাদের অভিযোগ ব্যবসায়ী সিন্ডিকেটে বন্দি মরিচ। এ বিষয়ে দক্ষিণ শাহজাহানপুরের বাসিন্দা ওমর ফারুক জানান, আমদানিকৃত মরিচ বাজারে এসেছে তাহলে দাম কেনো কমছে না। নিশ্চয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কবলে পড়েছে রান্নার অতিপ্রয়োজনীয় মসলা জাতীয় পণ্যটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.