Sylhet Today 24 PRINT

বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে ‘লাখ লাখ নাগরিকের তথ্য ফাঁসের’ খবর

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুলাই, ২০২৩

বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র নম্বরসহ ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’ করা হয়েছে বলে খবর দিয়েছে একটি আমেরিকান ওয়েবসাইট।

এ ব্যাপারে বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস জানিয়েছেন, গত ২৭ জুন তিনি দুর্ঘটনাবশত এই তথ্য ফাঁসের বিষয়টি দেখতে পান। এর পরপরই বাংলাদেশের ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সিইআরটি) সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি বলেন, ফাঁস হওয়া তথ্যের মধ্যে লাখ লাখ বাংলাদেশি নাগরিকের তথ্য রয়েছে।

প্রযুক্তি সংস্থাগুলোর ওপর নজর রাখা মার্কিন অনলাইন সংবাদপত্র টেকক্রাঞ্চ বলছে, তারা ফাঁস হওয়া তথ্য সঠিক কি না তা একটি পাবলিক সার্চ টুলের মাধ্যমে যাচাই করেছে। তবে টেকক্রাঞ্চ সরকারি ওয়েবসাইটির নাম জানায়নি। কেননা তথ্যগুলো এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ১৮ বছর বা তার বেশি বয়সের প্রত্যেক নাগরিককে একটি জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। কার্ডটি বাধ্যতামূলক এবং নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, জমি ক্রয় ও বিক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য নানা পরিষেবা পেতে সহায়তা করে।

গবেষক ভিক্টর মার্কোপোলোস বলেন, ফাঁস হওয়া তথ্যগুলো খুব সহজেই খুঁজে বের করা যাচ্ছিল। গুগল সার্চের মাধ্যমে তথ্যগুলো সামনে আসে। তবে এটি খোঁজার কোন ইচ্ছাই আমার ছিল না।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রেস অফিস, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের দূতাবাস এবং নিউইয়র্ক সিটিতে বাংলাদেশের কনস্যুলেটে মন্তব্যের অনুরোধ করেও সাড়া পাওয়া যায়নি বলে টেকক্রাঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খবর: বিডিনিউজ২৪

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.